কোটি কোটি টাকার সাম্রাজ্য থেকে একেবারে নিঃস্ব! কাজের খোঁজে বিদেশে যাওয়ার পরিকল্পনা সুভাষ চন্দ্রের

একসময় দেশের অন্যতম পরিচিত শিল্পপতি হিসেবে উঠে এসেছিল ডঃ সুভাষ চন্দ্রের নাম। এসেল গ্রুপের ব্যবসা এবং জি গ্রুপের হাত ধরে মিডিয়া জগতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও, সময়ের সঙ্গে তাঁর সেই ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। একাধিক সংস্থার বিপুল ঋণের দায়, ব্যবসায়িক ধাক্কা এবং সম্পত্তি হারানোর পর এখন জীবনযাপনের খরচ চালাতেও তাঁকে নির্ভর করতে হচ্ছে বাড়ি ভাড়ার আয়ের উপর। ন্যাশনাল কো ম্পা নি ল’ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত সম্পত্তি থেকে সাড়ে ৬ কোটি টাকা পরিশোধ করলেই ঋণের দায় থেকে মুক্ত হওয়ার সুযোগ রয়েছে তাঁর। তবে এই প্রক্রিয়ায় সমস্ত বড় সম্পত্তি হাতছাড়া হওয়ায় নিজের থাকার বাড়ির একটি অংশ ভাড়া দিয়েই আপাতত সংসার চালাচ্ছেন তিনি।
পরিস্থিতি ঘুরিয়ে দিতে এবং ঘুরে দাঁড়াতে এবার বিদেশে গিয়ে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা করছেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নতুন পরিকল্পনার অংশ হিসেবে আপাতত সুইজারল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন জি মিডিয়ার প্রাক্তন কর্ণধার। সেখানে এক বন্ধুর সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর এবং প্রাথমিক পুঁজি জোগাড় করতে প্রয়োজনে পরিবারের কাছ থেকেও ধার নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ব্যবসার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফের সম্পদ তৈরি করতে চান তিনি। অতীতের সাফল্য বা বর্তমানের আর্থিক ধাক্কা—কোনোটাকেই শেষ কথা মনে না করে শূন্য থেকে শুরু করার বার্তা দিয়েছেন সুভাষ চন্দ্র।