দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙচুরের অভিযোগ, পুলিশের ২৪ ঘণ্টার আলটিমেটাম কংগ্রেসের

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙচুরের অভিযোগ, পুলিশের ২৪ ঘণ্টার আলটিমেটাম কংগ্রেসের

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি বিশাল মূর্তি ভাঙচুর করে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায়। কংগ্রেসের অভিযোগ, ক্রেন এনে মূর্তিটি উপড়ে তুলে স্কুলের অদূরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে।

রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। তাঁরা প্রথমে স্কুল প্রাঙ্গণে এবং পরবর্তীতে দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কংগ্রেস।

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করে বলেন, এটি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ। এই মূর্তিটি বহু দশক ধরে ওই স্থানে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে; এই সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল থেকে কংগ্রেসে আসা কোনো গোষ্ঠী নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এই কাজ করে থাকতে পারে। বিজেপিও এই ঘটনার তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *