ক্যামাক স্ট্রিট কাণ্ডে কড়া পুলিশ! ১৪ জন গ্রেপ্তার, এবার অভিষেককে শেক্সপিয়ার সরণি থানায় তলব

অননুমোদিত দলীয় বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল ক্যামাক স্ট্রিট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের বাইরে পুলিশ ও কলকাতা পৌরসংস্থার আধিকারিকদের সঙ্গে দলের কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের তীব্র ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৩টি এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে দুটিতে সরাসরি নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের মতো শীর্ষনেতাদের নামও যুক্ত রয়েছে এই তালিকায়। এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নোটিশ পাঠিয়ে আগামী মঙ্গলবার বিকেলে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রবিবার নোটিশ পাঠানো হয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ডেরেক ও’ব্রায়েন জানান, নিরাপত্তাকর্মীরা কেবল নিজেদের দায়িত্ব পালন করছিলেন এবং পুলিশের তোলা সব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর পুরো রাজ্য রাজনীতির।