হাওড়া স্টেশনে বিরাট মাদক উদ্ধার! টলিতে লুকিয়ে পাচারকালে আটক যুবক!

অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাওড়া রেল স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২২.৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রেলওয়ে সুরক্ষা বল (আরপিএফ)। পূর্ব রেলের শীর্ষ আধিকারিকদের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে রবিয়াল নামের এক ২২ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারের বাসিন্দা এবং দিল্লির এই যুবকের কাছ থেকে একটি ট্রলি ব্যাগে মোড়ানো ১১টি প্যাকেটে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং স্থানীয় আধিকারিকদের যৌথ এই অভিযানে স্নিফার ডগ ‘মার্কো’র সাহায্য নেওয়া হয়েছিল।
তল্লাশির সময় অভিযুক্ত যুবক মাদক পরিবহনের কোনো বৈধ লাইসেন্স বা নথি দেখাতে ব্যর্থ হন। মাদকের পাশাপাশি তাঁর একটি মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত যুবক এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী হাওড়া জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস অ্যাক্ট), ১৯৮৫-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, রেল চত্বরে অবৈধ কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।