এক ভুলেই ভ্যানিশ ইউটিউব চ্যানেল! গুগলের এই নিয়মগুলি না জানলেই বিপদ

আজকের দিনে ইউটিউব বহু মানুষের কাছেই উপার্জনের প্রধান মাধ্যম। বছরের পর বছর পরিশ্রম করে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের চ্যানেল দাঁড় করান এবং বিশাল সাবস্ক্রাইবার বেস তৈরি করেন। তবে গুগলের নিয়ম ও কমিউনিটি গাইডলাইন না মানলে সামান্য ভুলেই মুহূর্তের মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রিয় চ্যানেলটি।
ইউটিউবের এই কঠোর নীতির মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির কারণ হলো কপিরাইট লঙ্ঘন। অন্যের ভিডিও, গান বা উপাদান বিনা অনুমতিতে ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। টানা একাধিক স্ট্রাইক এলে চ্যানেল বাঁচানো আসাম্ভব হয়ে পড়ে। এছাড়া হিংসাত্মক কনটেন্ট, ঘৃণামূলক বক্তব্য, যৌন বিষয়বস্তু, বিপজ্জনক কাজ বা বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা ইউটিউবে সম্পূর্ণ নিষিদ্ধ।
একই সাথে শর্টকাটে চ্যানেলের গ্রোথ বাড়ানোর চেষ্টা করলেও বড় বিপদ হতে পারে। টাকা দিয়ে ভিউ-সাবস্ক্রাইবার কেনা কিংবা কমেন্ট বক্সে স্প্যাম লিঙ্ক ছড়ানোর মতো বিষয়গুলো ইউটিউবের অ্যালগরিদমে সহজে ধরা পড়ে যায়। সাধারণ ভুলের ক্ষেত্রে ইউটিউব সতর্ক করার সুযোগ দিলেও, গুরুতর নীতিভঙ্গ করলে কোনো নোটিশ ছাড়াই চ্যানেল ব্লক করে দেওয়া হয়। তাই চ্যানেল নিরাপদ রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ—সবসময় নিজস্ব ও মৌলিক (original) কনটেন্ট তৈরি করুন।