মহিলা কুস্তিগীরদের অভিযোগ আমাকে হিরো বানিয়েছে, ওদের কানাকড়িও দাম নেই!

কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি এবং বিজেপি নেতা ব্রিজ ভূষণ শরণ সিং ফের নিজের মন্তব্যে তীব্র বিতর্ক উস্কে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের তোলা যৌন হেনস্থার গুরুতর অভিযোগই নাকি তাঁকে হরিয়ানায় হিরো বানিয়েছে এবং সারা বিশ্বের কাছে অমর করে তুলেছে। সম্প্রতি হরিয়ানার মহেন্দ্রগড়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই অদ্ভুত ও বেপরোয়া দাবি করেন তিনি। ২০২৩ সালে ভারতের একাধিক মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে ধারাবাহিক যৌন শোষণের অভিযোগ এনে আন্দোলনে নেমেছিলেন। সম্প্রতি দিল্লির একটি আদালত ব্রিজ ভূষণকে এই মামলা থেকে খালাস দিলেও, আন্দোলনকারী কুস্তিগীররা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
তবে হরিয়ানার আন্দোলনকারী কুস্তিগীরদের প্রতি কোনো ক্ষোভ নেই বলে দাবি করে রামায়ণের প্রসঙ্গ টেনে আনেন এই বিজেপি নেতা। তিনি বলেন, রামায়ণ যেমন কৈকেয়ীকে অপযশ দিয়েছিল কিন্তু শ্রীরামচন্দ্রকে ভগবানে পরিণত করেছিল, তেমনই এই কুস্তিগীররা তাঁকে উত্তরপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানাতেও নায়ক বানিয়েছে। বর্তমানে মানুষ তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এখানেই না থেমে আন্দোলনকারী কুস্তিগীরদের তীব্র কটাক্ষ করে তিনি দাবি করেন, একসময় তারা যেখানেই যেতেন লাখ টাকার সংবর্ধনা পেতেন, কিন্তু আজ পরিস্থিতি এমন যে সমাজে তাদের আর এক কানাকড়ি মূল্যও নেই। নিজের মেয়াদের সাফাই গেয়ে তিনি আরও জানান, সভাপতি থাকাকালীন দরিদ্র পরিবারের কুস্তিগীরদের স্বার্থরক্ষায় নতুন নিয়ম চালু করার জন্যই কিছু প্রভাবশালী কুস্তিগীর তাঁর বিরুদ্ধে চলে যান।