নিউ ইয়র্কে তেরঙ্গার চরম অবমাননা! ‘এর জন্য চড়া মূল্য দিতে হবে’, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

নিউ ইয়র্কে তেরঙ্গার চরম অবমাননা! ‘এর জন্য চড়া মূল্য দিতে হবে’, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সভার বাইরে প্রতিবাদের নামে দেশের জাতীয় পতাকার অপমানের অভিযোগ উঠল। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ওই অনুষ্ঠানের পূর্বে একদল বিক্ষোভকারী ভারতের জাতীয় পতাকা পায়ে পিষে নষ্ট করে এবং খলিস্তানপন্থী স্লোগান দেয়। রবিবার রাতে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, রাজনৈতিক আদর্শ বা সরকারের সমালোচনা করা যেতে পারে, কিন্তু দেশের তেরঙ্গা পতাকার অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং এর জন্য চরম মূল্য চোকাতে হবে।

জানা গিয়েছে, নিউ ইয়র্কের এই বিক্ষোভের নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর যোগ রয়েছে। শনিবার মোহন ভাগবতের অনুষ্ঠান পণ্ড করতেই ওই উগ্রপন্থীরা জড়ো হয়েছিল। তবে সব বাধা অতিক্রম করে অনুষ্ঠানে প্রায় ৬ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংঘপ্রধান মোহন ভাগবত ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-কে ভারতের সংস্কৃতির মূল ভিত্তি বলে উল্লেখ করেন। পাশাপাশি, বিভিন্ন ধর্মের বিশিষ্ট আধ্যাত্মিক গুরুরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে পারস্পরিক সম্প্রীতি ও শান্তির বার্তা দেন। জাতীয় পতাকার অবমাননার এই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *