জোর করে গর্ভপাত করানোর অভিযোগ, পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে সানিয়ার বিস্ফোরক দাবি

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক। সানিয়ার দাবি, ২০২৩ সালে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাঁর গর্ভপাত করানো হয়েছিল। ইমাদ এবং তাঁর পরিবারের চাপেই তিনি এই কাজ করতে বাধ্য হন। সম্প্রতি ‘কুছ মজেদার সি বাতেঁ’ নামক একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবনের এই অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খোলেন তিনি।
সানিয়া জানান, তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর যখন তিনি ইমাদকে দেন, তখন ইমাদ বেশ খুশিই হয়েছিলেন। কিন্তু ইমাদের মা এই খবর শোনামাত্রই গর্ভপাতের নির্দেশ দেন এবং তা না করলে বিষ খাইয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেন। অশ্রুসজল কণ্ঠে সানিয়া বলেন, “সেই সময় আমার পাশে কেউ ছিল না। সন্তানদের নিয়ে অসহায়ভাবে কেঁদেছিলাম। হাসপাতালে আমাকে শান্ত রাখার কথা বলে একটি ইনজেকশন দেওয়া হয়। কিন্তু জ্ঞান ফিরলে বুঝতে পারি, আমার গর্ভপাত হয়ে গেছে।”
এর পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হারের প্রসঙ্গও তুলে ধরেন সানিয়া। তিনি জানান, ম্যাচ শেষে ইমাদ হোটেলে ফিরলে ক্ষোভে ফেটে পড়েছিলেন সানিয়া। ইমাদকে তিনি স্পষ্ট জানান, তাঁর কারণেই সেদিন দল হেরেছে এবং এটি হয়তো সেই অনাগত সন্তান নষ্ট করারই এক ডিভাইন জাস্টিস বা কুফল।
উল্লেখ্য, সানিয়া ও ইমাদের বিচ্ছেদ এবং ইমাদের দ্বিতীয় বিয়ের পর থেকেই দুই পক্ষের বিতর্ক প্রকাশ্যে এসেছে। এর আগেও ইমাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছিলেন সানিয়া। অন্যদিকে ইমাদ জানিয়েছিলেন, পরিবারের সম্মান রক্ষার্থে ও চিন্তাভাবনা করেই তিনি নতুন জীবনের সিদ্ধান্ত নিয়েছেন।