টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা, বুধেও দুর্যোগের আশঙ্কা: ২৩ জেলার আবহাওয়া আপডেট

টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা, বুধেও দুর্যোগের আশঙ্কা: ২৩ জেলার আবহাওয়া আপডেট

সোমবার থেকেই বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। মঙ্গলবারও দিনভর মেঘলা আকাশ এবং টানা মুষলধারে বৃষ্টির জেরে জল জমে একাকার কলকাতার বড় রাস্তা থেকে অলিগলি। সেপ্টেম্বর মাসের শুরুতেই নিম্নচাপের জেরে অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। হাওয়া অফিসের নতুন আপডেট অনুযায়ী, বুধবারও দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই।

কেন সরছে না মেঘ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি সোমবারই দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে যাওয়ার কথা থাকলেও, প্রায় ৪৮ ঘণ্টা ধরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থমকে রয়েছে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের মেয়াদ বাড়ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • আজকের সতর্কতা: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: দক্ষিণবঙ্গে বুধবারের পর বৃষ্টির তেজ কিছুটা কমলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগ চলবে।

  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধ এবং বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
  • শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি জারি থাকতে পারে।

কলকাতার লেটেস্ট আপডেট: কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারেও শহরের জল জমার পরিস্থিতি জারি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *