যাদবপুরে তফশিলি নেতার ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ! রিপোর্ট চাইল এসসি কমিশন

যাদবপুরে তফশিলি নেতার ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ! রিপোর্ট চাইল এসসি কমিশন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সাধারণ সভা বা জিবি বৈঠককে কেন্দ্র করে হওয়া নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল জাতীয় তফশিলি জাতি কমিশন। গত ১৯ আগস্টের ওই সংঘর্ষের সময় এবিভিপির ইউনিট প্রেসিডেন্ট তথা পিএইচডি গবেষক নিখিল দাসকে মারধর এবং তাঁর তফশিলি পরিচয় তুলে আপত্তিকর ও অকথ্য ভাষা ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছিল বামপন্থী ও অতি বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই ন্যায়বিচারের আর্জি জানিয়ে গত ২৩ আগস্ট এসসি কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগী নিখিল। তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন।

অন্যদিকে, এই জল গড়ানোর মাঝেই সংবাদমাধ্যমে বসে নিজের বিরুদ্ধে ইচ্ছাকৃত মিথ্যাচার ও সামাজিক সম্মানহানির অভিযোগ তুলে বাম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা দায়ের করেছেন ওই এবিভিপি নেতা। নিখিলের স্পষ্ট দাবি, অতীতেও তিনি আইনিভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং এই ধরনের মিথ্যা অপপ্রচার বা রাজনৈতিক চক্রান্ত চালিয়ে তাঁদের আন্দোলন থামানো যাবে না। যাদবপুর ক্যাম্পাসের এই উত্তপ্ত আবহে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *