‘বন্দে মাতরম’ না গাইলে অনুদান বন্ধ! মাদ্রাসা শিক্ষা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর বার্ষিক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি সাহায্য পেতে হলে স্কুলের প্রার্থনায় পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক এবং সবাইকে ঠোঁট মিলিয়ে তা গাইতে হবে। অন্যথায় সরকারি অনুদান দেওয়া ও নেওয়া উভয়ই বন্ধ করা হবে। পাশাপাশি, রাজ্যে আলাদা কোনো মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এই অনুষ্ঠান থেকে আগামী এক বছরে পঞ্চায়েত স্তর পর্যন্ত রাজ্যে বিদ্যামন্দিরের সংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনা প্রকাশ করা হয়।
পূর্বতন বাম ও তৃণমূল সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, সিলেবাসে টাটা তাড়ানোর ইতিহাস থাকলেও ক্ষুদিরাম বসু বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে গুরুত্ব দেওয়া হয়নি। শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত ঐতিহ্য পালনের স্বাধীনতার পক্ষে সওয়াল করে তিনি চন্দনের টিপ মোছানোর ঘটনারও প্রতিবাদ জানান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের ভাবধারাকে প্রাধান্য দিয়ে একই ছাতার তলায় সব শিক্ষাব্যবস্থাকে নিয়ে আসার ওপর জোর দেন তিনি। বিদ্যাভারতীর এই অনুষ্ঠানে সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শিল্পজগতের প্রতিনিধিরা আর্থিক অনুদান তুলে দেন।