সর্বকালীন রেকর্ড ভাঙবে গঙ্গা? জলের তোড়ে ভাসছে ১৫ জেলা, বিহারে হাই অ্যালার্ট জারি!

বিহারে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করে সর্বকালীন রেকর্ড গড়ার উপক্রম হয়েছে। পটনা, ভোজপুর, বৈশালী, নালন্দা ও বেগুসরাইসহ রাজ্যের প্রায় ১৫টি জেলা জলের নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে সম্ভাব্য বন্যাকবলিত অঞ্চলগুলিতে পানীয় জল, ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ ও এসডিআরএফ দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী স্বয়ং হেলিকপ্টারে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। এদিকে এই বিপর্যয়ের জন্য এনডিএ সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, শোন, কোশী ও বাগমতীসহ একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেলেও সরকার পর্যাপ্ত ত্রাণ ও সুরক্ষার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে।