‘ওল্ড মঙ্ক’ কি আদৌ রাম? বোম্বে হাইকোর্টে ফেসাইয়ের চাঞ্চল্যকর দাবি

‘ওল্ড মঙ্ক’ প্রস্তুতকারী সংস্থার জন্য বড় ধাক্কা। এই জনপ্রিয় পানীয়কে আর ‘রাম’ হিসেবে বিক্রি করা যাবে না বলে বোম্বে হাইকোর্টে জানাল দেশের খাদ্যসুরক্ষা নিয়ামক সংস্থা ‘ফেসাই’ (FSSAI)। সংস্থাটির মতে, প্রচলিত উৎপাদন বিধি না মেনে তৈরি হওয়ায় এটিকে রামের স্বীকৃতি দেওয়া সম্ভব নয়।
বৃহস্পতিবার হাইকোর্টে ফেসাই-এর আইনজীবী জানান, বোতলের লেবেলিংয়ের চেয়েও বড় আপত্তি পানীয়টি তৈরির পদ্ধতি নিয়ে। ওল্ড মঙ্কে ‘নিউট্রাল স্পিরিট’ এবং কৃত্রিম ‘রাম ফ্লেভারিং’ ব্যবহার করা হয়, যা নির্দিষ্ট ম্যাচিউরেশন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে আইনত এই পণ্যকে রাম না বলে বড়জোর ‘রাম ফ্লেভারড স্পিরিট’ বলা যেতে পারে।
এর আগে ফেসাই অভিযোগ তোলে, ওল্ড মঙ্কের ‘থ্রি এক্স রাম’-এর বোতলে ‘৭ ইয়ার্স ওল্ড ব্লেন্ডেড’ লেখাটি গ্রাহকদের বিভ্রান্ত করছে। সংস্থাটির এই আপত্তির মুখে ওল্ড মঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বোতলের লেবেল থেকে ওই অংশটি তারা বাদ দিচ্ছে। ইতিমধ্যেই আদালতে একটি সংশোধিত লেবেল জমা দিয়েছে তারা।
আগামী ১১ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।