পার্কস্ট্রিটে এবার ঢাকের বাদ্যি: অ্যালেন পার্কে প্রথমবার শারদোৎসবের আয়োজন

পার্কস্ট্রিটে এবার ঢাকের বাদ্যি: অ্যালেন পার্কে প্রথমবার শারদোৎসবের আয়োজন

পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক বললেই চোখের সামনে ভেসে ওঠে বছরের শেষে আলোয় সাজানো ক্রিসমাস আর বর্ষবরণের জমকালো উৎসব। আলোকসজ্জা, হরেক রকমের খাবারের স্টল আর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতি শীতের মরশুমেই এক অনন্য রূপ নেয় এই পার্ক। তবে দীর্ঘদিনের সেই চেনা ছকে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

বছরের শেষ বা নতুন বছরের সূচনার অপেক্ষা নয়, এবার শরৎকালেই দেবী দুর্গার আরাধনায় সেজে উঠবে এই বিখ্যাত উদ্যান।

‘কলকাতা সনাতনী সংঘ’-এর উদ্যোগে অ্যালেন পার্কে এবার প্রথমবার আয়োজিত হতে চলেছে থিমের দুর্গাপুজো। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো হবে পুরো মণ্ডপ, আর প্রতিমায় থাকবে সুনিপুণ সাবেকিয়ানার ছোঁয়া। পুজোটির রূপদানের দায়িত্বে রয়েছেন চেতলা অগ্রণীর খ্যাতনামা শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে যে পার্কে এতদিন শুধুমাত্র বড়দিনের ক্যারল শোনা যেত, সেখানে এবার বেজে উঠবে ঢাকের আওয়াজ ও উলুধ্বনি।

তবে অ্যালেন পার্কের এই নতুন অধ্যায়ের নেপথ্যে রয়েছে কৌতূহলোদ্দীপক রাজনৈতিক প্রেক্ষাপট। ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত এই পার্কে এতদিন ধুমধাম করে বড়দিনের মেলা উদ্বোধন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রাজনীতির পরিবর্তন ঘটায় এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, অ্যালেন পার্কের দুর্গাপুজো আয়োজক ‘কলকাতা সনাতনী সংঘ’-এর সভাপতি পদে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা এবং সচিব পদে নবীন মিশ্র।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক অলিন্দে প্রশ্ন উঠতে শুরু করেছে—পার্কস্ট্রিটের এই ঐতিহাসিক শারদোৎসবের সূচনা কি তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই হতে চলেছে? ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনীতির এই নতুন মোরক কলকাতার মানুষকে কতটা আকৃষ্ট করে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *