সাজার হার ২২% থেকে সোজা ৫৩%! গোয়া পুলিশের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

গোয়ায় অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার হার একলাফে ২২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩.২ শতাংশে! নতুন তিনটি ফৌজদারি আইন সফলভাবে প্রয়োগ করায় গোয়া সরকার ও রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোয়ায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, থানা পর্যায় থেকে শুরু করে সর্বত্র আইনগুলো নিখুঁতভাবে কার্যকর করতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করছে।
অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলা এবং একটি সম্পূর্ণ ‘মাদকমুক্ত ভারত’ তৈরি করাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল লক্ষ্য। এই ঐতিহাসিক লক্ষ্য পূরণে দেশের যুবসমাজকেই প্রধান ভূমিকা নিতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধ, মাদক পাচার ও অন্যান্য সমাজবিরোধী কাজকর্ম রুখতে কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থানের কথা তিনি স্পষ্ট করেন।
ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সুসংগঠিত ব্যবস্থার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদি নিজেই পুরো বিষয়টি তদারকি করছেন। সাইবার প্রতারণার শিকার হলে সাধারণ মানুষকে রক্ষা করতে ‘১৯৩০’ হেল্পলাইন নম্বরটিকে তিনি এক কার্যকর ‘নিশ্চিত সমাধান’ বলে বর্ণনা করেন।