রাজ্যকে ‘উপেক্ষা’ করেই নিয়োগ! সাংবিধানিক সংঘাতের মাঝে শপথ বিচারপতি অশ্বিনী মিশ্রর

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র শপথ গ্রহণ করতেই কেন্দ্র ও পাঞ্জাব সরকারের রাজনৈতিক সংঘাত চড়মে পৌঁছেছে। পাঞ্জাবের আম আদমি পার্টি (AAP) সরকারের তীব্র আপত্তি ও প্রতিবাদকে কার্যত নস্যাৎ করে সোমবার সকালে পাঞ্জাব রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক জট এখন দেশের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয়।
রাজ্য সরকারের আপত্তির কারণ পাঞ্জাব সরকারের অভিযোগ, ‘মেমোর্যান্ডাম অফ প্রসিডিউর’ (MoP)-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের প্রধান বিচারপতি নিয়োগে রাজ্য সরকারের মতামত নেওয়া বাধ্যতামূলক। পাঞ্জাবের দাবি, কেন্দ্র তাঁদের মতামতকে কোনো গুরুত্বই দেয়নি। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং একটি প্রস্তাবও পাশ করান। এর পাশাপাশি, পাঞ্জাবের পাওনা ৯,০০০ কোটি টাকারও বেশি কেন্দ্রীয় তহবিল আটকে রাখার বিষয়েও সুর চড়িয়েছে মান সরকার।
কেন্দ্রের ব্যাখ্যা ও বিরোধীদের আক্রমণ অন্যদিকে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সত্য পাল জৈন যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের পর নিয়ম মেনেই রাজ্য সরকারের কাছে মতামত চাওয়া হয়েছিল, কিন্তু পাঞ্জাব সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব দেয়নি। এছাড়া এই বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত আইনত বাধ্যতামূলক নয় বলেও কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই জলঘোলা পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি এবং শিরোমণি অকালি দল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তীব্র আক্রমণ করে তাঁর সাংবিধানিক অধিকার ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।