‘৫০ দিনে ২ বার বদলি, এভাবে কাজ আসাম্ভব!’—ক্ষোভে ফেটে পড়লেন IAS অফিসার

এক বছরের মধ্যে চারবার এবং মাত্র ৫০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বদলি! রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে এবার সরব হলেন মধ্যপ্রদেশের ২০১১ ব্যাচের আইএএস অফিসার নেহা মারভিয়া সিং। ঘনঘন এই বদলি এবং সহকর্মীদের অসযোগিতার জেরে কাজ করা সম্পূর্ণ আসাম্ভব বলে দাবি করেছেন তিনি।
গত ৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সরকারের এক নতুন নির্দেশে ৪০ বছর বয়সি নেহা মারভিয়াকে ‘ট্রাইবাল রিজিওনাল ডেভেলপমেন্ট স্কিম’-এর ডিরেক্টর পদ থেকে সরিয়ে ‘শিডিউলড ট্রাইবস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর ম্যানেজিং ডিরেক্টর এবং একই সাথে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়। এর আগেও তিনি ট্রাইবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন।
এই ট্রান্সফার অর্ডারের পরপরই মধ্যপ্রদেশ আইএএস অফিসার্স অ্যাসোসিয়েশনকে এক বার্তা পাঠান নেহা। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে গুরুতর অভিযোগ তোলেন যে, তাঁর অধীনস্থ কর্মচারীরা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং কাজের নির্দেশ অমান্য করছেন। ইচ্ছাকৃতভাবে প্রশাসনিক ফাইল আটকে রাখা ও চরম শৃঙ্খলাভঙ্গের অভিযোগও এনেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারের সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করলেও, মাত্র এক মাসের ব্যবধানে বদলি করা হলে কোনো বিভাগকে ভালোভাবে বুঝে ওঠা বা কাজের উৎসাহ ধরে রাখা সম্ভব নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিনি অ্যাসোসিয়েশনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
উল্লেখ্য, কাজের ক্ষেত্রে নেহা মারভিয়ার বিবাদ ঘিরে বিতর্ক এই প্রথম নয়। ২০১৭ সালে শিবপুরী পঞ্চায়েতের সিইও থাকাকালীন তৎকালীন ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে এবং পরবর্তীতে রাজস্ব বিভাগে দায়িত্ব পালনকালে প্রাক্তন মুখ্যসচিব মনীশ রাস্তোগির সঙ্গে তাঁর মতবিরোধের কথা জানা যায়। তবে এবারের এই ঘনঘন বদলি ও অধস্তন কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নতুন করে রাজ্য প্রশাসনের ভেতরের কঙ্কালসার রূপটাকে সামনে এনে দিয়েছে।