সাবধান! নখের এই সামান্য পরিবর্তনই ডেকে আনতে পারে বড় বিপদের সংকেত
September 10, 20266:37 am

নখ শুধু হাতের সৌন্দর্যের পরিচয় নয়, এটি শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের আয়না। চিকিৎসকদের মতে, পুষ্টির ঘাটতি, বয়স বৃদ্ধি, কোনো সংক্রমণ কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নখের আকৃতি, গঠন ও রঙে পরিবর্তন আসতে পারে। তাই নখের কিছু বিশেষ লক্ষণ দেখে আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন।
নখের বিপজ্জনক লক্ষণ ও তার কারণ:
- চামচের মতো বাঁকা নখ (কয়েলোনিকিয়া): নখ মাঝখান থেকে বসে গিয়ে অবতল আকার নিলে তা শরীরে আয়রনের ঘাটতির ইঙ্গিত দেয়। নিজে থেকে ওষুধ না খেয়ে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেওয়া উচিত।
- আড়াআড়ি গভীর খাঁজ (বিউস লাইন): তীব্র জ্বর, বড় ধরনের শারীরিক অসুস্থতা বা মানসিক চাপের কারণে নখের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে নখে এমন আড়াআড়ি দাগ পড়ে।
- আঙুলের ডগা ফুলে যাওয়া (ক্লাবিং): আঙুলের মাথা ফুলে নখ নিচের দিকে বাঁকা হয়ে এলে তা ফুসফুস বা শরীরের অন্যান্য গুরুতর অঙ্গের জটিলতার লক্ষণ হতে পারে।
- নখে ছোট গর্ত (নেল পিটিং): নখের উপরিভাগে সুচ ফোটার মতো ছোট দাগ বা গর্ত থাকা সোরিয়াসিস কিংবা অটোইমিউন সমস্যার পূর্বলক্ষণ।
- হলুদ বা সাদা দাগের রহস্য: হলুদ নখ কেবল কঠিন রোগের নয়, বরং ছত্রাক বা অতিরিক্ত নেল পলিশের কারণেও হতে পারে। আবার নখে সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব নয়, অনেক সময় সামান্য আঘাত লাগলেও এমন হয়।
বিশেষজ্ঞ পরামর্শ:
নখের হঠাৎ পরিবর্তন দেখে নিজে থেকে রোগ নির্ণয় না করাই শ্রেয়। তবে সমস্যাটি একাধিক নখে ছড়ালে এবং দীর্ঘদিন স্থায়ী হলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নিন।