শিক্ষক দিবসের খাওয়ার গণ্ডগোল, ছাত্রদের মারে কপাল ফাটল জলপাইগুড়ির প্রধানশিক্ষকের!

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক দিবসের খাওয়াদাওয়া কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দশম শ্রেণির একদল ছাত্রের বেধড়ক মারধরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন প্রধানশিক্ষক ধর্মচাদ বারুই।
গত শনিবার শিক্ষক দিবস পালিত হলেও মঙ্গলবার স্কুলে পড়ুয়াদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন শিক্ষকেরা। দশম শ্রেণির ছাত্রদের অভিযোগ, সেই আয়োজনে তাদের গণনার মধ্যেই রাখা হয়নি। এই নিয়ে শিক্ষকদের কাছে ক্ষোভ প্রকাশ করতে গেলে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, বচসার এক পর্যায়ে দশম শ্রেণির একদল ছাত্র প্রধানশিক্ষকের ওপর চড়াও হয়। মারের চোটে তাঁর কপাল ফেটে গুরুতর রক্তপাত শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ ছাত্ররা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। শেষমেশ পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে জখম প্রধানশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্কুল চত্বরে ছাত্রদের এমন তাণ্ডব ও প্রধানশিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় কোন কোন ছাত্র জড়িত, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।