‘আঘাত করলেই ছাই হবে ট্যাঙ্কার!’ ৫ ইরানি জাহাজ ধ্বংসের পর ওয়াশিংটনের চরম হুঁশিয়ারি

‘আঘাত করলেই ছাই হবে ট্যাঙ্কার!’ ৫ ইরানি জাহাজ ধ্বংসের পর ওয়াশিংটনের চরম হুঁশিয়ারি

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করার দাবি করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। মার্কিন সেনার অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী এলাকায় আমেরিকান যুদ্ধজাহাজকে নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। গত দুই দিনে সেই হামলার পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

ইরানের পক্ষ থেকেও এই আক্রমণের কথা স্বীকার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পারস্য উপসাগরের জাস্ক বন্দর ও তেলের প্রাণকেন্দ্র খর্গ দ্বীপের কাছে বেশ কয়েকটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে জাহাজের কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ঘটনার পর চরম ক্ষুব্ধ আইআরজিসি কুয়েত ও বাহরাইন সংলগ্ন এলাকার তেলের জাহাজ দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে এবং মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই দুই দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে তেহরানকে নতুন করে চরম বার্তা দিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন নৌবাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করলেই ইরানের তেল ট্যাঙ্কারগুলিকে একইভাবে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে আমেরিকা। দুই দেশের এই মুখোমুখি অবস্থানে স্তব্ধ হরমুজ় প্রণালী ঘিরে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *