১০ বছরের ফাইলবন্দি স্বপ্ন সফল! সম্পন্ন ২,৮০০ কিমির মেগা ফ্রেইট করিডোর

গুজরাটের ভাদোদরায় আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠান থেকেই তিনি দেশের দীর্ঘ প্রতীক্ষিত ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’ (WDFC)-এর কাজ সম্পূর্ণ হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
প্রায় ২,৮০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই বিশালাকার পণ্যবাহী রেল নেটওয়ার্ক ভারতের লজিস্টিকস খাতের খরচ একধাক্কায় অনেকটা কমিয়ে আনবে এবং পণ্য পরিবহণ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বিগত সরকারের উদাসীনতাকে আক্রমণ করে বলেন, ২০০৪ সালে প্রকল্পটির পরিকল্পনা করা হলেও ২০১৪ সালের আগে পর্যন্ত তা কেবল ফাইলবন্দি অবস্থাতেই পড়ে ছিল। বর্তমান সরকারের জমানায় প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা কাটিয়ে এই মেগা প্রকল্প দ্রুত গতিতে সম্পন্ন হওয়া দেশের কর্মসংস্কৃতিতে আসা এক ঐতিহাসিক পরিবর্তনেরই স্পষ্ট প্রতিফলন।