‘২-৩ মাসের মধ্যেই ফিরবে জমি’, শুভেন্দুর আশ্বাসে নতুন স্বপ্ন দেখছেন পূর্ণদাস বাউল

ইলামবাজারের চার বিঘা জমি জবরদখল মুক্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সল্টলেকের ‘জনতার দরবার’-এ হাজির হলেন প্রখ্যাত লোকশিল্পী পূর্ণদাস বাউল এবং তাঁর ছেলে দিব্যেন্দুদাস বাউল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁরা জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়ার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, উদ্ধার হওয়া সেই জমিতে একটি বাউল আকাদেমি গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ, ১৯৭৭ সালে বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়া এলাকায় রাস্তার পাশে চার বিঘা জমি কেনেন পূর্ণদাস বাউল। তবে ২০০৬ সালের পর থেকে সুকুল টুডু নামে এক ব্যক্তি সেই জমি ধীরে ধীরে জবরদখল করে নেন। বারবার অনুরোধ সত্ত্বেও জমি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে এবং স্থানীয় জেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো স্থায়ী সুরাহা মেলেনি।
সম্প্রতি এ বিষয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈনের কাছে দরখাস্ত করেছিলেন পিতা-পুত্র। সরকারি স্তরে জমির মাপজোক শুরু হলেও তা বেশি দূর এগোয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হন তাঁরা। বৈঠকের পর দিব্যেন্দুদাস বাউল জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন এবং কীভাবে দ্রুত জমি ফেরত দেওয়া যায় তা নিয়ে প্রশাসনিক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
হাতছাড়া হওয়া এই জমি উদ্ধার করে বাউল সংস্কৃতি ও শিক্ষার প্রসারে ব্যবহার করতে চান পূর্ণদাস বাউল। মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দীর্ঘদিনের থমকে থাকা এই স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হবে বলেই আশা প্রকাশ করছে বাউল পরিবার।