খাওয়ার টেবিল থেকে টেনে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কোপ! সামান্য বচসায় রক্তগঙ্গা হালিশহরে

সামান্য বিবাদের জেরে চরম নৃশংসতার সাক্ষী থাকল হালিশহর। বাড়িতে ঢুকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল এলাকারই একদল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হালিশহর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নৈহাটি জুটমিল পাকা লাইনের ধারে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত যুবককে কল্যাণী জেএনএম (JNM) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম মুন্না পাসি ওরফে মনু। সোমবার রাতে কাজ থেকে ফিরে পরিবারের সঙ্গে রাতের খাবার খেতে বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় উকিল রাজভর, সুজিত রাজভর ও ভরত দাস সহ ৭-৮ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়িতে আচমকা চড়াও হয়। সামান্য কথার অজুহাতে মনুকে জোরপূর্বক বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়।
মনুর পরিবার ও তাঁর স্ত্রী বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁদের ওপরেও চড়াও হয় এবং আক্রান্ত হন মনুর স্ত্রীও। এরপরেই মনুকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে ও গলায় এলোপাথাড়ি কোপ মারা হয়। চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে এলে দুষ্কৃতী দলটি চম্পট দেয়।
রক্তাক্ত অবস্থায় মনুকে উদ্ধার করে দ্রুত কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-তে (ICU) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর নৈহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আক্রান্তের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ভরত দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার নেপথ্যে পুরোনো কোনো শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখার পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।