ভারতরত্ন সিএনআর রাউকে নির্বাচন কমিশনের নোটিস? ভুল ভাঙাল কমিশন

৯২ বছর বয়সী প্রখ্যাত বিজ্ঞানী ও ভারতরত্ন সম্মানপ্রাপ্ত অধ্যাপক সিএনআর রাউকে ভোটার তালিকার নাম সংশোধনের হিয়ারিংয়ে তলব করা হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়েছিল, কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) চলাকালীন নামের বানানে ভুলের (Self-Name Mismatch) অজুহাতে বেঙ্গালুরুর মল্লেশ্বরম কেন্দ্রে সশরীরে হাজিরার জন্য এই প্রবীণ বিজ্ঞানীকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসতেই দ্রুত পরিস্থিতি স্পষ্ট করে কমিশন।
বেঙ্গালুরুর জেলা নির্বাচন আধিকারিক ও চিফ কমিশনার মহেশ্বর রাও জানান, বিজ্ঞানীকে কোনো ধরনের নোটিস বা শুনানির সমন পাঠানো হয়নি। বরং বিশেষ সম্মান জানিয়ে রাজ্য ‘SVEEP’ নোডাল অফিসার এবং পুরনিগমের কমিশনার ব্যক্তিগতভাবে তাঁর বাসভবনে গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দেন এবং তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে কমিশন নিশ্চিত করে যে, খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ‘Prof. C. N. Rao M’ হিসেবে সম্পূর্ণ সঠিকভাবে নথিভুক্ত রয়েছে।
সলিড-স্টেট ও স্ট্রাকচারাল কেমিস্ট্রির জগতে বিশ্বজুড়ে সমাদৃত বিজ্ঞানী সিএনআর রাউ ভারতরত্ন ছাড়াও পদ্মবিভূষণ, পদ্মশ্রী ও কর্ণাটক রত্নে ভূষিত। দেশের ৫ জন প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের প্রধান বা সদস্য হিসেবে দায়িত্ব সামলানো এই বিশিষ্ট ব্যক্তিত্বকে ঘিরে ভুল খবর ছড়ানোয় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল।