‘হয় মারব, না হয় মরব!’ কল্যাণীতে অস্ত্র উঁচিয়ে ফ্ল্যাট খালি করার তাণ্ডব

কল্যাণী: প্রখ্যাত চিকিৎসকের শ্যালক পরিচয়ে এক প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো কল্যাণীর এ-৯ এলাকায়। স্থানীয় গাড়ি চালক বিপ্লব বিশ্বাসের অভিযোগ, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে যে ফ্ল্যাটে বসবাস করছেন, তা বেআইনিভাবে দখলের তাণ্ডব চালাচ্ছেন মহারাজ হিরে নামে এক ব্যক্তি।
ঘটনার সূত্রপাত ১০১ নম্বর ফ্ল্যাটে। বিপ্লব বাবুর দাবি, ফ্ল্যাটটি তাঁর প্রয়াত মায়ের নামে রয়েছে এবং সমস্ত আইনি নথি তাঁদের কাছেই রয়েছে। অন্যদিকে, মহারাজ হিরে নিজেকে বিখ্যাত অর্থোপেডিক চিকিৎসক ‘ডক্টর বালা স্যার’-এর শ্যালক পরিচয় দিয়ে দাবি করেন যে ফ্ল্যাটটি তাঁর। অভিযোগ, রাতের অন্ধকারে প্রথমবার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ এসে তাঁকে নিয়ে যায় এবং বিপ্লব বাবুকে নতুন তালা লাগাতে বলে।
কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই পরদিন সকালে পুনরায় হামলা চালান মহারাজ হিরে। এবার হাতে লোহার রড ও অস্ত্র নিয়ে এসে তালা ভাঙার চেষ্টা করেন এবং ফ্ল্যাট খালি না করলে খুনের হুমকি দেন। চিৎকার করে বলতে থাকেন, “হয় মরব, নয় মারব!” তাঁর দাবি, বিপুল টাকা দিয়ে এই ফ্ল্যাট কেনাবেচা হয়েছে এবং বিপ্লব বিশ্বাসের পরিবার তা বেআইনিভাবে আটকে রেখেছে। বাধা দেওয়ায় ওই আবাসনের এক প্রতিবেশী ‘বিট্টু’-র দোকানে ঢুকে তাঁকেও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
চিকিৎসকের নাম ভাঙিয়ে এভাবে দুষ্কৃতী তাণ্ডব ও প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপ্লব বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।