‘২২ বছরে এমন দেখিনি!’ কালনা পুরসভায় দাদাগিরি-হুমকির অভিযোগ, প্রতিবাদে স্তব্ধ কাজ

‘২২ বছরে এমন দেখিনি!’ কালনা পুরসভায় দাদাগিরি-হুমকির অভিযোগ, প্রতিবাদে স্তব্ধ কাজ

পূর্ব বর্ধমানের কালনা পুরসভায় ঢুকে কর্মীদের হুমকি দেওয়া ও ‘দাদাগিরি’ চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বুধবার কাজ বন্ধ রেখে ‘পেন ডাউন’ কর্মসূচিতে সামিল হন পুরসভার প্রায় ৬০ জন স্থায়ী ও অস্থায়ী কর্মী।

পুরকর্মীদের অভিযোগ, মঙ্গলবার আচমকাই একদল লোক পুরসভায় চড়াও হয়। বিভিন্ন ঘরে ঢুকে নাম ধরে ধরে একাধিক কর্মীকে খোঁজা হয় এবং সরাসরি হুমকি দেওয়া হয়। এমনকি দুই মহিলা কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ তোলেন প্রতিবাদী কর্মীরা। নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা জানিয়ে এক আতঙ্কিত পুরকর্মী বলেন, “২২ বছরের চাকরিতে এমন পরিস্থিতি কখনও দেখিনি। রাজনৈতিক দল বা প্রশাসন বদলাতে পারে, কিন্তু আমরা কর্মচারীরা তো সাধারণ মানুষের পরিষেবার জন্যই কাজ করি। এ ভাবে কর্মীদের হুমকি ও লাঞ্ছনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

ঘটনাকে কেন্দ্র করে পুরসভায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হলেও, এই বিষয়ে কালনা পুরসভার বর্তমান চেয়ারম্যান রীতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করতে চাননি।

অন্য দিকে, বিজেপির কালনা শহর সভানেত্রী ডালিয়া সূত্রধর পুরকর্মীদের প্রতি ক্ষোভের কথা অস্বীকার করে বলেন, “কর্মীরা কেন পেন ডাউন করছেন তা আমাদের জানা নেই। মঙ্গলবারে আমরা পুরমাতার কাছে গিয়েছিলাম, কারণ আমজনতা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। কাউন্সিলররা এসে সই করছেন, মিটিং করছেন আর মাইনে নিচ্ছেন, কিন্তু মানুষের কাজ করছেন না। আমাদের লড়াই সাধারণ মানুষের মৌলিক অধিকারের জন্যই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *