ট্রাম্পের মাস্টারস্ট্রোক! জিতলেই প্রত্যেক মার্কিন নাগরিক পাবেন ৫,০০০ ডলার

ট্রাম্পের মাস্টারস্ট্রোক! জিতলেই প্রত্যেক মার্কিন নাগরিক পাবেন ৫,০০০ ডলার

ডালাস: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের প্রচার এখন চরমে। ভোটারদের মন জয় করতে এক বিরাট ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলার—যা ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকারও বেশি—দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডালাসে আয়োজিত ২০২৬ সালের রিপাবলিকান কনভেনশনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেন ট্রাম্প।

তাঁর দাবি, তাঁর শাসনকালে মার্কিন অর্থনীতি দারুণ গতি পেয়েছে এবং দেশ প্রচুর রাজস্ব আয় করছে। ট্রাম্প বলেন, “আমরা দুর্দান্ত আর্থিক সাফল্য অর্জন করেছি, আর সেই কারণেই আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। কংগ্রেসের হাউস ও সেনেটে রিপাবলিকানরা জয়ী হলে, এই আর্থিক শক্তির জোরে আমরা দেশের প্রতিটি নাগরিককে ৫,০০০ ডলার ডিভিডেন্ড প্রদান করব।”

তবে সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে দেওয়া হবে বা তার তহবিল কোথা থেকে আসবে, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছু বলেননি। এর আগেও তিনি ২,০০০ ডলার ট্যারিফ রিবেট চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তৎকালীন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন যে এর জন্য নতুন আইন প্রয়োজন।

ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের অন্যতম প্রধান আর্থিক ঘোষণা। এর আগে জুলাই মাসে তিনি ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ নামে একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন, যার আওতায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি আমেরিকান শিশুকে ১,০০০ ডলার দেওয়ার কথা বলা হয়েছিল। পাশাপাশি, ২০২৫ সালে ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ প্রকল্পের অধীনে দেশের সাড়ে চৌদ্দ লক্ষ সেনাকে করমুক্ত এককালীন ১,৭৭৬ ডলার বোনাস দেওয়া হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জনমত সমীক্ষায় ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা নিম্নমুখী। এর পাশাপাশি গত সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইরান সংকট, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তাঁর প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে জনসমর্থন পুনরুদ্ধার করতেই ট্রাম্প এই আকর্ষণীয় আর্থিক প্রতিশ্রুতি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *