দুর্গাপুরের জঙ্গল থেকে একসঙ্গে চার নরকঙ্কাল উদ্ধার, তোলপাড় রাজ্য

দুর্গাপুরের জঙ্গল থেকে একসঙ্গে চার নরকঙ্কাল উদ্ধার, তোলপাড় রাজ্য

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার জাঠগড়িয়া মোড় সংলগ্ন জঙ্গল থেকে একসঙ্গে চারটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় জঙ্গলে কঙ্কালগুলি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) রাসপ্রীত সিং-সহ উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে কঙ্কালগুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এগুলি মানুষের কঙ্কাল বলেই নিশ্চিত হওয়া গেছে। তবে কঙ্কালগুলির পরিচয়, সেগুলি কতদিন ধরে সেখানে পড়েছিল এবং মৃত্যুর আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনার নেপথ্যে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ থাকা একটি পরিবারের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বুদবুদ থানার অধীন দেবশালা পঞ্চায়েতের পদুমা গ্রামের বাসিন্দা সুনীল হেমব্রম, তাঁর স্ত্রী মামণি হেমব্রম, তাঁদের তিন বছরের মেয়ে লক্ষ্মী হেমব্রম এবং মামণির মা লক্ষ্মী হেমব্রম দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকেও থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে কিছু অশান্তি হয়েছিল এবং তারপর থেকেই চার সদস্য নিখোঁজ হন। উদ্ধার হওয়া কঙ্কালগুলি ওই নিখোঁজ পরিবারের কি না, তা খতিয়ে দেখতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ ও কঙ্কালগুলির পরিচয় স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *