বড় পদক্ষেপ, রাজ্য বিশ্ববিদ্যালয়ে বদলি নীতি চালুর পথে আজ বড় বিল পেশ

স্কুলের মতো এবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও অশিক্ষক কর্মীদের জন্যও এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আজই বিধানসভায় পেশ হতে চলেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। ২০১৭ সালের সংশ্লিষ্ট আইনে নতুন ১৪এ ধারা যুক্ত করে এই আইনি পথ তৈরি করা হচ্ছে। প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ সাপেক্ষে চ্যান্সেলর এই বদলির নির্দেশ দিতে পারবেন।
বদলি হওয়া কর্মী ও অধ্যাপকদের চাকরির সুযোগ-সুবিধা সুরক্ষিত রাখতে বিলে দুটি বিকল্প রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মী চাইলে আগের বিশ্ববিদ্যালয়ে নিজের লিয়েন (Lien) বজায় রাখতে পারবেন অথবা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে নিজেদের সংযুক্ত করতে পারবেন। জনস্বার্থে বদলি হয়ে লিয়েন না রাখলে, মূল নিয়োগের তারিখ অনুযায়ী তাঁদের সিনিয়রিটি নির্ধারিত হবে। পাশাপাশি, বদলির কারণে ট্রান্সফার গ্র্যান্ট এবং জিনিসপত্র পরিবহনের খরচ পাওয়ার অধিকারও তাঁদের থাকবে।
বিশ্ববিদ্যালয় স্তরে এই বদলি ব্যবস্থার পাশাপাশি রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) পরিচালনায় অভিন্ন কাঠামো আনা হচ্ছে। প্রকাশিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ অনুযায়ী, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, গৌড়বঙ্গ, সিধো-কানহো-বিরসাসহ মোট ২১টি বিশ্ববিদ্যালয়ের পিএফ পরিচালিত হবে ১৯৮৩ সালের নির্দিষ্ট আইনের অধীনে। সরকারের মতে, আইনি জটিলতা কাটিয়ে স্বচ্ছতা আনতে এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই দুই সংশোধনী আনা হয়েছে।