কোলাঘাটে ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, উল্টো লেনে ছিটকে গেল গাড়ি; জখম ৩

কোলাঘাটে ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, উল্টো লেনে ছিটকে গেল গাড়ি; জখম ৩

কোলাঘাট: বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ সিরিয়াল দুর্ঘটনা। লরি, এসইউভি ও ট্রেলারের সুতীব্র সংঘর্ষে চালকসহ মারাত্মকভাবে আহত হয়েছেন ৩ জন। জখমদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ মেচেদার দিক থেকে আসা একটি ছোট গাড়ি দেউলিয়া বাজারের সিগন্যালে দাঁড়িয়ে ছিল। গাড়িটির ঠিক পেছনেই ছিল একটি এসইউভি। হঠাৎই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটিকে সজোরে সটান ধাক্কা মারে। ধাক্কার প্রবল অভিঘাতে এসইউভিটি সামনের ছোট গাড়িটির ওপর গিয়ে আছড়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার উল্টো লেনে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই কলকাতার দিকে যাওয়া একটি ট্রেলার এসে গাড়িটিকে সরাসরি ধাক্কা দেয়। ফলে দুমড়েমুচড়ে একপ্রকার পিষে যায় ছোট গাড়িটি। এতে চালকসহ গাড়িতে থাকা তিন জনই গুরুতর আহত হন।

এই ঘটনার পর দেউলিয়া বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলি উদ্ধার করে দ্রুত রাস্তা পরিষ্কার করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *