‘শুধু মৃত্যু হলেই প্যারোল’, অসুস্থ মাকে দেখার আর্জি খারিজ চিন্ময়কৃষ্ণের
অসুস্থ ও মুমূর্ষু মাকে দেখার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন বাংলাদেশের কারাগারে বন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস। কিন্তু সেই আবেদন মৌখিকভাবে নাকচ করে দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলেই কেবল প্যারোলে মুক্তির সুযোগ থাকে, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে নয়।
চিন্ময়কৃষ্ণের দাদা রঞ্জন কুমার ধর জানান, তাঁদের ৭১ বছর বয়সী মা সন্ধ্যারানি ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছেন। এক মাসেরও বেশি সময় হাসপাতালে কাটানোর পর সম্প্রতি শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে শয্যাশায়ী মা একবারের জন্য হলেও ছেলেকে দেখার আকুতি প্রকাশ করলে পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক তথা কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করা হয়। কিন্তু প্রশাসনের কঠোর নিয়মের জাঁতাকলে তা বাতিল হয়ে যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আরও ৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৪টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও তিনি এখনও কারাবন্দি রয়েছেন।