PF থেকে টাকা তোলার নিয়ম আরও সহজ করল EPFO, জানুন নতুন নির্দেশিকা
September 10, 202611:34 am

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) প্রভিডেন্ট ফান্ড (PF) থেকে অগ্রিম টাকা তোলার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি জানিয়েছে, দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুরক্ষা বজায় রেখেই সদস্যদের জরুরি প্রয়োজনে টাকা পাওয়ার পথ আগের চেয়ে অনেক সহজ ও স্পষ্ট করা হয়েছে।
টাকা তোলার সাধারণ শর্ত: EPFO-র রেজিস্টার্ড সদস্য হিসেবে ১ বছর পূর্ণ হলেই যেকোনো কর্মী তাঁর এবং নিয়োগকর্তার জমাকৃত মোট পিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অগ্রিম হিসেব তুলে নিতে পারবেন।
বিভিন্ন ক্ষেত্রে টাকা তোলার নতুন সীমা:
- চিকিৎসা ও অসুস্থতা (ক্যাটাগরি ১): চিকিৎসার খরচের জন্য টাকা তোলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সীমা রাখা হয়নি। অর্থাৎ, প্রয়োজনে একজন সদস্য যতবার খুশি অগ্রিম টাকা তোলার আবেদন করতে পারবেন।
- শিক্ষা ও বিবাহ: পরিবার বা নিজের পড়াশোনার খরচের জন্য সর্বোচ্চ ১০ বার অগ্রিম তোলা যাবে। এছাড়া নিজের বা পরিবারের অন্য সদস্যদের বিয়ের খরচের জন্য সর্বোচ্চ ৫ বার এই সুবিধা পাওয়া যাবে।
- আবাসন ও গৃহঋণ (ক্যাটাগরি ২): বাড়ি কিংবা ফ্ল্যাট কেনা, নতুন ঘর তৈরি, হোম লোনের কিস্তি পরিশোধ এবং বাড়ি সংস্কারের কাজের জন্য সর্বোচ্চ ৫ বার অগ্রিম টাকা তোলা সম্ভব।
- বিশেষ পরিস্থিতি (ক্যাটাগরি ৩): সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর অনুমোদন সাপেক্ষে বিশেষ জরুরি প্রয়োজনে প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ দু’বার পর্যন্ত টাকা তোলার নিয়ম রাখা হয়েছে।
ইপিএফও-র এই নতুন নির্দেশিকা কার্যকর হওয়ায় কোটি কোটি চাকরিজীবী জরুরি প্রয়োজনে দ্রুত এবং ঝামেলাহীনভাবে নিজেদের জমানো টাকা ব্যবহার করতে পারবেন।