নন্দীগ্রামে ফের ‘খেলা’ হবে? মদনের মেগা প্রস্তাবে সরগরম রাজ্য রাজনীতি!

নন্দীগ্রামে ফের ‘খেলা’ হবে? মদনের মেগা প্রস্তাবে সরগরম রাজ্য রাজনীতি!

বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিকভাবে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দল বিভাজিত হয়ে তিন টুকরো হওয়ার পাশাপাশি প্রতীক ও তহবিল নিয়ে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। বিষয়টির নিষ্পত্তি করতে আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দিল্লিতে ঋতব্রতপন্থী ও কালীঘাটপন্থী—দুই শিবিরের প্রতিনিধিদেরই তলব করেছে।

এই চরম রাজনৈতিক দোলাচলের মাঝেই জল ঘোলা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। মদনের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী। প্রতীক যা-ই হোক, উনি নন্দীগ্রামে প্রার্থী হলে ঋতব্রত শিবির কোনো প্রার্থী দেবে না।” পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “আমাদের অনুরোধ এড়িয়ে যাবেন না। বর্তমান মুখ্যমন্ত্রীর বিপক্ষে লড়াই করে প্রমাণ হয়ে যাক কে বিজেপির ‘বি’ টিম।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মদন মিত্রের এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতা যদি নন্দীগ্রামে লড়াইয়ে নামেন, তবে দলীয় প্রতীক ও তহবিল হাতছাড়া হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি, জয়ী হয়ে বিধানসভায় ফিরলে তিনি বিরোধী শিবিরের মূল মুখ হয়ে বিজেপি পরিচালিত রাজ্য সরকারকে তীব্র চাপে ফেলতে পারবেন। তবে এই প্রস্তাবে কালীঘাট কিংবা মমতার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *