নতুন দায়িত্বে রাজ্য বিজেপি: ১৫ সেপ্টেম্বর বাংলায় নীতিন নবীন, পাখির চোখ নন্দীগ্রাম ও রেজিনগর

নতুন দায়িত্বে রাজ্য বিজেপি: ১৫ সেপ্টেম্বর বাংলায় নীতিন নবীন, পাখির চোখ নন্দীগ্রাম ও রেজিনগর

পশ্চিমবঙ্গে আসন্ন দুই কেন্দ্রের উপনির্বাচন এবং কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দু’দিনের সফরে তাঁর বাংলায় থাকার কথা রয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পর এই প্রথম তাঁর পশ্চিমবঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সফরে এসে একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন দলের সর্বভারতীয় সভাপতি। বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি কতটা পোক্ত হয়েছে, তা মূলত এই সফরে পর্যালোচনা করা হবে। বিশেষ করে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে হতে চলা উপনির্বাচনকে সামনে রেখেই এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি, চলতি বছরের নভেম্বরে কলকাতা পুরসভা-সহ বেশ কয়েকটি পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনগুলির রণকৌশল নিয়েও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের পর দলের একাধিক তৃণমূল স্তরের নেতা বিধায়ক ও মন্ত্রী হওয়ায় বিভিন্ন সাংগঠনিক পদে রদবদলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ২৬৩ সদস্যের বর্ধিত নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বিজেপি, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতাকে রাখা হয়েছে। সূত্রের খবর, এবার জেলা স্তরেও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে।

এদিকে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর ২৫ বছরের রাজনৈতিক যাত্রাকে সামনে রেখেই এই কর্মসূচি রূপায়ণ করা হবে। বাংলায় এই কর্মসূচির প্রস্তুতিও নীতিন নবীন খতিয়ে দেখতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপির মূল লক্ষ্য নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হওয়ার পর একটি করে আসন ছেড়ে দেওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই রেজিনগর থেকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকেও নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।

উপনির্বাচনের প্রস্তুতি নিতে বুধবারই নন্দীগ্রামে বৈঠক করেছেন বিজেপির রাজ্য দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল এবং রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদের রেজিনগর—উভয় কেন্দ্রের জন্যই আলাদা প্রচার পরিকল্পনা তৈরি করেছে দল। বিশেষ করে রেজিনগরে প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটার থাকায় সেখানে বিশেষ কৌশল নেওয়া হচ্ছে।

নীতিন নবীনের এই সফরে সদ্য নির্বাচিত বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গেও বিশেষ বৈঠকের সম্ভাবনা রয়েছে। আসন্ন উপনির্বাচন এবং কলকাতা পুরসভা নির্বাচনে তাঁদের কী ভূমিকা হবে, তা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিতে পারেন তিনি। উল্লেখ্য, কলকাতা পুরসভা নির্বাচনের দায়িত্ব ইতিমধ্যেই দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। সবমিলিয়ে, এই সাংগঠনিক সফর যে বাংলার রাজনীতিতে বিজেপির পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *