মাকে শেষ দেখা হলো না! মাতৃশোকে ৫ ঘণ্টার জন্য প্যারোল পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রাম: মায়ের শেষ ইচ্ছা অপূর্ণই থেকে গেল। কারাবন্দি ছেলেকে শেষবার না দেখেই না-ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার বিশেষ প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই নির্দেশ দেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মায়ের আকস্মিক প্রয়াণের পর জেলা প্রশাসকের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের সাময়িক মুক্তির আবেদন জানানো হয়। আবেদনের গুরুত্ব বিবেচনা করে আদালত তাঁকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
ছেলের দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন মা পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলে দীর্ঘদিন ধরে জেলে থাকায় চরম মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন সন্ধ্যা রানি ধর। বারবার জামিনের আবেদন নাকচ হওয়ায় ভেঙে পড়েছিলেন তিনি। চরম মানসিক চাপের কারণে সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং হৃদরোগেও ভুগছিলেন। প্রথমে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা চললেও, জীবনের শেষ ক’টি দিন তিনি ছেলের আশ্রমে কাটাতে চেয়েছিলেন।
মৃত্যুর আগে একবার ছেলেকে দেখার আকুল আকুতি জানিয়েছিলেন সন্ধ্যা রানি ধর। কিন্তু জীবদ্দশায় সেই আবেদন মঞ্জুর হয়নি। মায়ের প্রয়াণের পরই মিলল ৫ ঘণ্টার মুক্তি—তবে মায়ের জীবন্ত মুখটি আর দেখতে পেলেন না সন্তান।