‘২০২৭ এখনও অনেক দূর!’ বিশ্বকাপ নিয়ে বড় বয়ান ‘হিটম্যান’-এর

‘২০২৭ এখনও অনেক দূর!’ বিশ্বকাপ নিয়ে বড় বয়ান ‘হিটম্যান’-এর

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে কি মাঠে নামবেন রোহিত শর্মা? দীর্ঘদিন ধরে চলতে থাকা এই কোটি টাকার প্রশ্নের ওপর এবার মুখ খুললেন ‘হিটম্যান’ নিজেই। বিশ্বকাপ খেলার জল্পনা পুরোপুরি উড়িয়ে না দিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত সময়ের হাতেই ছেড়ে দিলেন ভারতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার।

সম্প্রতি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে রোহিত জানান, “২০২৭ সালের অক্টোবর মাস এখনও অনেক দূরে। সময় এলেই দেখা যাবে কী হয়।” দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০ বছর। স্বভাবতই দলে সুযোগ পাওয়া নির্ভর করবে তাঁর ফর্ম ও ফিটনেসের উপর।

ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও ব্যাট হাতে তার কড়া জবাব দিয়েছেন রোহিত। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে সিরিজের শেষ ওয়ান ডে-তে মাত্র ১১০ বলে ১৩৮ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। এ নিয়ে জল্পনা উড়িয়ে বিসিসিআই কর্তা দেবজিৎ সাইকিয়া পরিষ্কার জানান, রোহিত দুর্দান্ত ফর্মে আছেন এবং বোর্ড সম্পূর্ণভাবে তাঁর পাশেই রয়েছে।

বিশ্বকাপের আগে ভারতের হাতে প্রায় ১৪টি একদিনের ম্যাচ রয়েছে, যা দিয়ে তৈরি হবে চূড়ান্ত দল। যদিও প্রাক্তন পেসার আশিস নেহরার মতে, ২০২৭ বিশ্বকাপে রোহিত বা বিরাটের খেলা নিয়ে এখনই মন্তব্য করা বোকামি।

এদিকে ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বইয়ের মেরিন ড্রাইভে ঐতিহাসিক খোলা বাস প্যারেডের স্মৃতি চারণাও করেন রোহিত। তবে আক্ষেপের সুরে জানান, ভবিষ্যতে হয়তো আর এমন প্যারেড দেখা যাবে না। আপাতত সব জল্পনা থেকে দূরে থেকে মাঠে নিজের সেরাটা দেওয়ার দিকেই নজর হিটম্যানের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *