গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফর! মোদীর ডাকে সাড়া দিয়ে ব্রিকসে আসছেন শি জিনপিং

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফর! মোদীর ডাকে সাড়া দিয়ে ব্রিকসে আসছেন শি জিনপিং

গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘাতের পর এই প্রথম ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সব অস্পষ্টতা কাটিয়ে অবশেষে নিশ্চিত হওয়া গেল, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়েই শি-র এই বহুল চর্চিত দিল্লি সফর।

ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং নিশ্চিত করেছেন যে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া এই হাই-প্রোফাইল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট। এতদিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি স্পষ্ট না করলেও, রাষ্ট্রদূতের ঘোষণার পর সমস্ত জল্পনার অবসান ঘটল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আগেই এই সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করেছেন।

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত পদার্পণ ২০২০ সালে পূর্ব লদাখের গালওয়ানে ভারত ও চীনা সেনার রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়। সেই ঘটনার পর এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। এর আগে ২০১৯ সালে চেন্নাইয়ের মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন শি। এছাড়া ২০১৬ সালে গোয়ায় ব্রিকস সম্মেলন এবং ২০১৪ সালে প্রথম মেয়াদে ভারত সফর করেছিলেন তিনি।

শক্তিশালী হচ্ছে বিশ্বমঞ্চের ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস জোটের শক্তি ইদানীং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত এই জোটে যুক্ত হওয়ার পর ২০২৫ সালে নতুন সদস্য হিসেবে ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত হয়। বর্তমানে ১১টি উদীয়মান অর্থনীতির এই পরাশক্তি জোট বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯.৫ শতাংশ, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ২৬ শতাংশের প্রতিনিধিত্ব করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *