কিমি পিছু ৫ টাকা ও সুরক্ষার দাবি! বাউন্সার আসতেই আসানসোলে জোম্যাটো কর্মীদের তুলকালাম

কিমি পিছু ৫ টাকা ও সুরক্ষার দাবি! বাউন্সার আসতেই আসানসোলে জোম্যাটো কর্মীদের তুলকালাম

আসানসোল: পারিশ্রমিক বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আসানসোলে স্তব্ধ অনলাইন খাবার ডেলিভারি সংস্থা ‘জোম্যাটো’ (Zomato)-র পরিষেবা। বুধবার বিকেল চারটে থেকে শহরের বি এন আর মোড়ে ডেলিভারি ব্যাগ রাস্তায় নামিয়ে রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন গিগ ওয়ার্কাররা। কর্মীদের স্পষ্ট দাবি— সমস্ত দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি উঠবে না।

মূল দাবিগুলো কী কী?

  • কিলোমিটার পিছু ৫ টাকা: আন্দোলনকারীদের অভিযোগ, হাড়ভাঙা খাটুনির তুলনায় আয় অত্যন্ত কম। তাই প্রতি কিলোমিটারে অন্তত ৫ টাকা হারে পারিশ্রমিক দিতে হবে।
  • কাজের জায়গায় সুরক্ষা: ডেলিভারির কাজ করার সময় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সংস্থাকে।
  • নিয়মিত পারিশ্রমিক: সময়মতো এবং যথাযথভাবে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন গিগ ওয়ার্কাররা।

বাউন্সার ঘিরে তুমুল ক্ষোভ: আন্দোলনরত কর্মীদের অভিযোগ, তাঁরা যখন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন পরিস্থিতি উত্তপ্ত করতে সংস্থার পক্ষ থেকে দু’জন বাউন্সার পাঠানো হয়। এতে ডেলিভারি বয়দের ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে যায়।

মিডিয়া আসতেই কর্তৃপক্ষের সুর বদল: বিক্ষোভের জেরে জোম্যাটোর এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালে কর্মীদের সঙ্গে চরম বাকবিতণ্ডা শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, প্রথমে তিনি সব দাবিই খারিজ করে দেন। তবে ঘটনাস্থলে সংবাদমাধ্যম উপস্থিত হতেই সুর বদলে দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।

ডেলিভারি কর্মীদের সাফ কথা— এর আগেও একাধিকবার এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই কেবল মুখের কথায় ভরসা না রেখে, দাবি কার্যকর না হওয়া পর্যন্ত আসানসোলে জোম্যাটোর কাজ বন্ধই থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *