টিফিনের আগেই স্কুলেই চরম বিপদ! ছাদ থেকে নিচে আছড়ে পড়ল পঞ্চম শ্রেণির ছাত্র

মহিষাদল: মহিষাদলের তাজপুর হাইস্কুলে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। স্কুল শুরুর আগে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হল প্রিয়াংশু মল্লিক নামের এক পঞ্চম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই স্কুলে পৌঁছেছিল প্রিয়াংশু। ক্লাস শুরু হওয়ার আগে অন্য সহপাঠীদের সঙ্গে ছাদেই খেলাধুলো করছিল সে। সেই সময়েই আচমকা ছাদের ধার থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় ওই ছাত্র। চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন শিক্ষকরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক স্বদেশরঞ্জন বেরা জানান, “স্কুল চালু হওয়ার ঠিক আগেই খেলতে খেলতে ও ছাদ থেকে পড়ে যায়। আমরা তৎক্ষণাৎ ওকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়েছি। চিকিৎসকরা ওর নজরদারি করছেন।”
উল্লেখ্য, দিনকয়েক আগেই মহিষাদলের একটি নামী বেসরকারি স্কুলের ছাত্রের ফুটবল ম্যাচ খেলতে গিয়ে জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক পড়ুয়ার দুর্ঘটনায় পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ছোট ছোট ছেলেমেয়েদের নিরাপত্তায় স্কুল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।