এক নিমেষে তছনছ পরিবার! বিহারে বন্যার জলে তলিয়ে মা ও ৩ সন্তানসহ মৃত ৫

ভাগলপুর: বিহারের ভাগলপুরে বন্যা পরিস্থিতির মাঝে ঘটে গেল এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। জমা জলে তলিয়ে গিয়ে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গঙ্গার জল বেড়ে যাওয়ার পর তৈরি হওয়া ওই মরণফাঁদে পড়ে এক লহমায় ধ্বংস হয়ে গেল পুরো একটি পরিবার। ঘটনাটি ঘটেছে ভাগলপুর জেলার বাইপাস থানার অন্তর্গত কোয়লি খুটহা গ্রামে।
একজনকে বাঁচাতে গিয়ে সবার সলিলসমাধি স্থানীয় সূত্রের খবর, এলাকাটি গঙ্গার জমা জলে প্লাবিত হয়ে ছিল। ওই পরিবারের সদস্যরা খেতের দিকে যাওয়ার সময় রাস্তার ওপর জমে থাকা গভীর জল পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু জলের সঠিক গভীরতা বুঝতে না পেরে একজন পা পিছলে ডুবে যেতে শুরু করেন। তাকে রক্ষা করতে গিয়ে পরিবারের বাকি সদস্য ও এক স্থানীয় শিশু একে অপরকে ধরার চেষ্টা করে। চোখের নিমেষে পাঁচজনই গভীর জলের তোড়ে তলিয়ে যায়।
হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ঘটনাটি নজরকাড়তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়ে সবাইকে জল থেকে বের করেন এবং মায়াগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।
মৃতদের পরিচয় নিহতদের মধ্যে রয়েছেন মনছো দেবী, তাঁর দুই কন্যা সোনাক্ষী কুমারী ও অংশু প্রিয়া এবং পুত্র প্রিন্স কুমার। এছাড়া প্রাণ হারিয়েছে গ্রামেরই আরেক শিশু অভিষেক কুমার।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে জলমগ্ন রাস্তায় অবিলম্বে নিরাপত্তা বেষ্টনী ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।