২০টি বিড়ালকে নির্মম হত্যা! অপরাধীকে ধরিয়ে দিলেই মিলবে ৫০,০০০ টাকা

২০টি বিড়ালকে নির্মম হত্যা! অপরাধীকে ধরিয়ে দিলেই মিলবে ৫০,০০০ টাকা

মুম্বই: অবলা প্রাণীদের ওপর একের পর এক পৈশাচিক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুম্বইয়ের চেম্বুর এলাকায়। স্থানীয় পঞ্জরাপোল চত্বর থেকে সম্প্রতি প্রায় ২০টি বিড়ালের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিড়ালগুলির শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তের অনুমান, বিড়ালগুলিকে নৃশংস নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কীভাবে প্রকাশ্যে এলো এই নৃশংসতা? গত আগস্ট মাস থেকেই এলাকায় বিড়ালদের রহস্যজনক ও রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় পশুপ্রেমী রুবিনা পাঠান। ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে ৪ সেপ্টেম্বর তিনি একসঙ্গে আরও ৬টি বিড়ালের মৃতদেহ পান। তার পরদিনই পাওয়া যায় আরও একটি মৃত বিড়াল এবং একটি মারাত্মক আতঙ্কিত বিড়ালছানা। এরপরেই নিশ্চিত হওয়া যায় যে, রাস্তার অবলা প্রাণীগুলির ওপর পরিকল্পিত হামলা চলছে।

পুলিশি তৎপরতা ও PETA-র ৫০ হাজারের পুরস্কার রুবিনা পাঠান ‘পেটা ইন্ডিয়া’ (PETA India)-র সহযোগিতায় স্থানীয় আরসিএফ (RCF) থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-এর ৩২৫ নম্বর ধারা এবং পশু ক্রূলতা বিরোধী আইনে মামলা (FIR) রুজু করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে বর্তমানে এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, দোষীদের খুঁজে বের করতে ৫০,০০০ টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছে ‘পেটা ইন্ডিয়া’। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে বা তথ্যের সন্ধান দিয়ে পুলিশকে সাহায্য করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *