‘সঠিক আমন্ত্রণ নেই!’ ভারতের ব্রিকস সম্মেলন এড়াচ্ছেন তারেক রহমান
ভারতে আয়োজিত হতে চলা আসন্ন ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্রিকসের স্থায়ী সদস্য না হলেও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানোর নিয়ম রয়েছে। কিন্তু ঢাকার দাবি, বাংলাদেশকে ‘সঠিকভাবে’ আমন্ত্রণ জানানো হয়নি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীর বিষয়টি স্পষ্ট করে জানান, ভারতের তরফে সরাসরি বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কোনো চিঠি পাঠানো হয়নি। পরিবর্তে, আঞ্চলিক জোট ‘বিমসটেক’ (BIMSTEC)-এর বর্তমান চেয়ারম্যান পদাধিকারী হিসেবে একটি আমন্ত্রণপত্র এসেছে।
আমন্ত্রণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ সরকার থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে ডাকা হয়নি। আমাদের প্রধানমন্ত্রীকে ঠিকভাবে আমন্ত্রণই জানানো হয়নি, তাহলে আমরা কীভাবে যাব?”
বহুপাক্ষিক সম্মেলনের চেয়ে দিল্লির সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরই বেশি জোর দিচ্ছে ঢাকা। সফরের ভবিষ্যৎ প্রসঙ্গে হুমায়ুন কবীরের সংযোজন, “যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রক্ষা করা সম্ভব হবে, তখনই সফর করা ঠিক হবে। এই নিয়ে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই।”