‘শারদোৎসব’ লিখলে মণ্ডপে স্টল নয়! দুর্গাপুজো বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজনীতি, পাল্টা তোপ বামেদের

দুর্গাপুজোর দিনগুলিতে মণ্ডপ চত্বরে বইস্টল বসানো নিয়ে তৈরি হলো নতুন রাজনৈতিক বিতর্ক। পুজো মণ্ডপ চত্বরের কোনো স্টলে ‘দুর্গাপুজো’র বদলে ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করা হলে সেই স্টল রাখতে দেওয়া হবে না— এই মর্মে তোপ দাগা হয়েছে বিধানসভায়।
সম্প্রতি বিধানসভায় বামপন্থীদের তীব্র আক্রমণ করে অভিযোগ তোলা হয় যে, বামপন্থীরা সনাতন ধর্ম ও দুর্গাপুজোকে কেবল একটি ‘সাংস্কৃতিক’ আয়োজন হিসেবে বিবেচনা করে। সেই কারণেই তারা ‘দুর্গাপুজো’ শব্দটি সরাসরি মুখে না এনে ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ। এমনকি ‘শারদোৎসব’ লেখা থাকলে একটি স্টলও করতে দেওয়া উচিত নয় বলে ক্ষোভ প্রকাশ করা হয়।
এই আক্রমণের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। বাম নেতা ময়ূখ বিশ্বাস পাল্টা কটাক্ষ করে বলেন, “বাংলা ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে যারা বিন্দুমাত্র অবগত নয়, তাদের থেকে আর কী-ই বা আশা করা যায়! যারা এ ধরনের মন্তব্য করছে, তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শারদোৎসব’ বইটি একবার অন্তত পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।”
বিতর্কের নেপথ্যে: উল্লেখ্য, দুর্গাপুজোর দিনগুলিতে মণ্ডপ চত্বরে বিভিন্ন কমিউনিস্ট পার্টির সাহিত্যের স্টল দেওয়া দীর্ঘদিনের এক পরিচিত ছবি। সাম্প্রতিক বছরগুলিতে সিপিএম নেতৃত্ব কর্মীদের বার্তা দিয়েছে— সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে সামাজিক উৎসবে আরও বেশি করে শামিল হতে হবে। বাম নেতৃত্বের একাংশের মতে, উৎসবের সার্বিক সামাজিক ব্যঞ্জনা ও সর্বজনীন আবহ তুলে ধরতেই ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, যার সঙ্গে ধর্মাচরণের কোনো বিরোধ নেই।