“২৩ ঘণ্টা অন্ধকূপে আটকে রেখে জোরপূর্বক ইস্তফা!” সুরেন্দ্রনাথ ল কলেজের অধ্যক্ষের বিস্ফোরক দাবি

“২৩ ঘণ্টা অন্ধকূপে আটকে রেখে জোরপূর্বক ইস্তফা!” সুরেন্দ্রনাথ ল কলেজের অধ্যক্ষের বিস্ফোরক দাবি

কম উপস্থিতির কারণে পড়ুয়াদের সেমিস্টার পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল কলকাতার সুরেন্দ্রনাথ ল কলেজে। টানা ২৩ ঘণ্টা নিজের ঘরেই অবরুদ্ধ থাকার পর শুক্রবার পুলিশের সহায়তায় মুক্ত হলেন কলেজের অধ্যক্ষ মহম্মদি তরন্নুম। তবে উদ্ধার পাওয়ার পরেই ঘটনার নেপথ্যে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার সূত্রপাত

কলেজ সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের উপস্থিতির হার ৪০ শতাংশের নিচে থাকায় এ বছরের সেমিস্টারের ফর্ম ফিলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতেই ক্ষোভে ফেটে পড়ে একদল শিক্ষার্থী। অধ্যক্ষের দাবি, গত বৃহস্পতিবার অন্য শিক্ষকদের ঘর থেকে বের করে দিয়ে তাঁকে একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়। শুধু তাই নয়, ঘরের বিদ্যুৎ ও জলের সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। সেই প্রায়-অন্ধকার ঘরেই তাঁকে পদত্যাগপত্রে সই করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হয়।

অধ্যক্ষের বিস্ফোরক দাবি ও শিক্ষা মহলে নিন্দা

অবশেষে শুক্রবার পুলিশি সহায়তায় উদ্ধার হওয়ার পর অধ্যক্ষ মহম্মদি তরন্নুম স্পষ্ট জানান, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি, বরং তাঁকে জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এই দীর্ঘ সময়ে তাঁর ওপর চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুরো ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। শিক্ষা প্রাঙ্গণে এমন ন্যাক্কারজনক ঘটনায় রাজ্যজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *