১৩ বছরেই সোশ্যালে অ্যাকাউন্ট? নাবালকদের চুক্তি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিস

১৩ বছরেই সোশ্যালে অ্যাকাউন্ট? নাবালকদের চুক্তি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিস

১৩ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় স্বাধীন অ্যাকাউন্ট খোলা এবং শিশুদের ইন্টারনেট নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ১৮ বছরের কম বয়সি নাবালকদের সঙ্গে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সরাসরি আইনি চুক্তি বন্ধ করা এবং শিশুদের সুরক্ষায় কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে কেন্দ্র সরকারের জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাইয়ের সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রককে নোটিস জারি করেছে। অলাভজনক সংস্থা ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’-এর দায়ের করা জনস্বার্থ মামলায় প্রবীণ আইনজীবী এইচ এস ফুলকা আদালতে সওয়াল করেন যে, দেশের প্রচলিত আইন অনুযায়ী শিশুদের সুরক্ষায় সুনির্দিষ্ট নিরাপত্তা বলয় থাকা অত্যন্ত জরুরি।

মামলাকারীদের প্রধান যুক্তি, ‘ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী নাবালকদের সঙ্গে করা কোনো চুক্তিই আইনত বৈধ নয়। অথচ ফেসবুক বা স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি মাত্র ১৩ বছর বয়সেই স্বাধীন অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে, যা ভারতীয় আইনের সরাসরি লঙ্ঘন। অভিভাবকদের সম্মতি ছাড়া অ্যাকাউন্ট খোলার ফলে শিশুরা সাইবার বুলিং, অনলাইন গ্রুমিং, যৌন শোষণ, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও বয়সের অনুপযুক্ত কনটেন্টের মতো মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

এই ঝুঁকি এড়াতে ‘আইটি নিয়মাবলী ২০২১’ (IT Rules 2021) সংশোধন করে কঠোর বয়স যাচাইকরণ (Age-verification) এবং অভিভাবকদের ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে এই পিআইএলে। সুপ্রিম কোর্ট নোটিস পাঠানোয় এবার পুরো বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *