জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষক নিগ্রহ: কড়া শাস্তির মুখে অভিযুক্ত ছাত্ররা, জারি টিসির নির্দেশ

জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষক নিগ্রহ: কড়া শাস্তির মুখে অভিযুক্ত ছাত্ররা, জারি টিসির নির্দেশ

জলপাইগুড়ি জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন ও শিক্ষা দপ্তর। ঘটনায় যুক্ত থাকা এক ছাত্রকে ইতোমধ্যেই আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ এবং তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হচ্ছে। এর পাশাপাশি, এই অপ্রীতিকর ঘটনায় যুক্ত বাকি অভিযুক্ত ছাত্রদেরও অবিলম্বে চিহ্নিত করে শনিবারের মধ্যে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (TC) দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

শুক্রবার জেলা প্রশাসন ও স্থানীয় ২২টি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং সমাজে স্পষ্ট বার্তা দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দোষীদের চিহ্নিত করতে চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। তবে অভিযুক্ত ছাত্ররা টিসি পেলেও অন্য স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে, যাতে তাদের শিক্ষাজীবন পুরোপুরি থমকে না যায়।

অন্যদিকে, ঘটনার তিন দিন পার হয়ে গেলেও কেন মূল অভিযুক্তদের স্কুল কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারল না, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেশ অধিকারী জানিয়েছেন, ঘটনার দিন স্কুলে অনুষ্ঠান থাকায় কোনও বহিরাগত এর পেছনে যুক্ত ছিল কি না এবং এলাকার সিসিটিভি ক্যামেরা সক্রিয় ছিল কি না, তা পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

একই সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নিয়ে ছাত্র ভর্তি, শিক্ষিকাকে হেনস্থা এবং অন্য শিক্ষকদের সঙ্গে হাতাহাতির মতো বহু পুরনো অভিযোগ রয়েছে। এতে স্কুলের মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে কৃষ্ণ রায় সহ অন্য অভিভাবকরা প্রধান শিক্ষককে অবিলম্বে বদলির দাবি জানান। জেলা প্রশাসনের তরফ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ পৃথকভাবে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *