যাদবপুরে এবার ‘বেদ-গীতা’ পাঠ, জেন জি-দের আধ্যাত্মিকতায় ফেরাতে বড় উদ্যোগ!

যাদবপুরে এবার ‘বেদ-গীতা’ পাঠ, জেন জি-দের আধ্যাত্মিকতায় ফেরাতে বড় উদ্যোগ!

রাজনৈতিক উত্তাপের মাঝেই যাদবপুরে আয়োজিত হতে চলেছে তিন দিনব্যাপী বিশেষ বেদ ও গীতা পাঠের কর্মসূচি। আগামী ২৮, ২৯ এবং ৩০ তারিখে ‘বিশ্ববিদ্যা ধাম ট্রাস্ট’-এর উদ্যোগে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো আধুনিক সময়ের নতুন প্রজন্ম বা ‘জেন জি’ (Gen Z)-কে ভারতের প্রাচীন জ্ঞান, ঐতিহ্য ও আধ্যাত্মিক দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, তিন দিনের এই কর্মসূচিতে বৈদিক স্তোত্র ও গীতা পাঠের পাশাপাশি আয়োজন করা হবে বিশেষ আলোচনা সভার। প্রাচীন ভারতীয় দর্শন আজকের আধুনিক ব্যস্ত জীবনে কীভাবে পথ দেখাতে পারে, তা তরুণদের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তিত্বই নন, উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা। তাঁদের উপস্থিতিতে তরুণ প্রজন্মের সঙ্গে ভারতীয় সংস্কৃতি ও জীবনবোধ নিয়ে মুক্ত মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘আজাদি’ স্লোগান এবং ‘রেড স্যালুট কিষেণজি’ লেখার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয় চত্বরে বামপন্থী মনোভাবের তীব্র সমালোচনা করে তিনি যাদবপুরের মাটিতে বেদ পাঠ, গীতা পাঠ এবং হনুমান চালিসা পাঠ আয়োজনের হুঁশিয়ারিও দিয়েছিলেন।

সেই রাজনৈতিক বিতর্ক ও টানা পোড়েনের আবহেই এবার বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের তরফ থেকে যাদবপুরে তরুণদের ভারতীয় মূলচেতনায় উদ্বুদ্ধ করতে এই তিন দিনের বিশেষ কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *