‘মমতা আছেন বলেই তৃণমূল আছে’, প্রতীক-লড়াইয়ের দিনে বিস্ফোরক দিলীপ

‘মমতা আছেন বলেই তৃণমূল আছে’, প্রতীক-লড়াইয়ের দিনে বিস্ফোরক দিলীপ

তৃণমূল কংগ্রেসের আসল নাম ও দলীয় প্রতীক শেষ পর্যন্ত কার দখলে থাকবে? সেই হাইভোল্টেজ প্রশ্নের আইনি ফয়সালা হতে পারে আজ, শনিবার। দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে বৈঠকে বসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী ও কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। দুই শিবিরের বক্তব্য শুনেই আজ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে নির্বাচন কমিশন।

কমিশনের এই মেগা বৈঠকের মুখেই ঋতব্রতপন্থীদের তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। শনিবার সকালে তিনি সরাসরি দাবি করেন, “তৃণমূল দলটার মূল ভিত্তিই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন আছেন, ততদিনই তৃণমূলের অস্তিত্ব রয়েছে। বাকি কে দলে থাকল বা গেল, তাতে কিছুই এসে যায় না। কুণাল ঘোষও তো একই কথা বলছেন।”

তৃণমূলের বর্তমান সংকট নিয়ে সোচ্চার হয়ে তিনি আরও বলেন, “আমরা চাই এই দলটা রাজ্য থেকে পুরোপুরি মুছে যাক। কারণ এরা বাংলার বহু ক্ষতি করেছে। এমনিতেই দলের নাম, প্রতীক ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা রয়েছে। পুরো বিষয়টি আদালত ও নির্বাচন কমিশনের বিচারাধীন, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

অন্যদিকে নন্দীগ্রাম ও রেজিনগরের আসন্ন উপনির্বাচন নিয়ে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়। তিনি জানান, কোনো বাড়তি সুবিধা ছাড়াই বিজেপি অতীতে ২০৮টি আসন জিতেছে এবং উপনির্বাচনেও রাজ্যবাসী বিজেপির ওপরই আস্থা রাখবে।

এছাড়া বাগেশ্বর বাবাকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, খাওয়ার পোশাক বা রুচি মানুষের ব্যক্তিগত বিষয়। ছবি বা কুশপুত্তলিকা পোড়ানোর মতো বেআইনি পথ না নিয়ে প্রতিবাদের একটি নির্দিষ্ট নিয়ম থাকা উচিত। রাজপথে এই ধরনের ‘নাটক’ করে কংগ্রেস নিজের অস্তিত্ব আরও বিপন্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *