পুজোয় পকেটে টান! ১ অক্টোবর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম, অষ্টমীতেও ‘ড্রাই ডে’

উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যজুড়ে সুরাপ্রেমীদের জন্য নেমে এল চরম দুঃসংবাদ। দুর্গাপুজোর ঠিক মুখেই পশ্চিমবঙ্গ জুড়ে একধাক্কায় বাড়তে চলেছে সমস্ত ধরণের মদের দাম। আগামী ১ অক্টোবর থেকেই এই নতুন মূল্য কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির পাশাপাশি এবার দশমীর সঙ্গেই মহাষ্টমীর দিনও রাজ্যের সমস্ত মদের দোকান ও বার পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (BEVCO)-এর সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী—দেশি মদ, বিয়ার, রাম, হুইস্কি, ভদকা থেকে শুরু করে আইএমএফএল (IMFL)—সব ক্যাটাগরির দামেই রদবদল আনা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন কস্ট কার্ড অনুযায়ী আবগারি দফতরে ব্র্যান্ডগুলির নাম নথিভুক্ত করতে হবে। গত ৩০ জুন পর্যন্ত নির্ধারিত সর্বভারতীয় সর্বনিম্ন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম ঠিক করার নিয়ম রাখা হলেও, ওয়াকিবহাল মহলের মতে উৎসবের মরসুমে রাজ্যের আবগারি রাজস্ব বাড়াতেই এই পদক্ষেপ।
মহাষ্টমীর দিনে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিলেও, প্রশাসনিক নির্দেশে সিলমোহর দেওয়া হয়েছে। যেখানে গত বছর পুজোয় কেবল পূর্ব মেদিনীপুর জেলা থেকেই মাত্র চার দিনে সাড়ে ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল, সেখানে এবার দাম বৃদ্ধি এবং ‘ড্রাই ডে’-র জোড়া ধাক্কায় সুরাপ্রেমীদের বাজেটে যে বড়সড় টান পড়তে চলেছে, তা বলা বাহুল্য।