আলিপুরদুয়ারে মাটির নিচে টাকার পাহাড় ও গাঁজা! ধৃত বোন, পলাতক ভাই

আলিপুরদুয়ারে মাটির নিচে টাকার পাহাড় ও গাঁজা! ধৃত বোন, পলাতক ভাই

আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় এক রোমাঞ্চকর অভিযানের সাক্ষী থাকল পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে এক বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে উদ্ধার করা হলো বালতি বালতি নগদ টাকা এবং বিপুল পরিমাণ গাঁজা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যনগরের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চালাচ্ছিল চিনু বল ও তার ভাই বাবন বল। গোপন মারফত খবর পেয়ে পুলিশ সেখানে আচমকা হানা দেয়। বাড়িটিতে তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় মাটির নিচে নজর দেন তদন্তকারীরা। এরপর মাটি খুঁড়তেই চোখ কপালে ওঠে সবার। মাটির নিচ থেকে উদ্ধার হয় বস্তা ও বালতি ভর্তি টাকা। ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিলের পাশাপাশি ছিল প্রচুর খুচরো কয়েন। সব মিলিয়ে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০ টাকা। এর পাশাপাশি প্রায় সাড়ে ৬ কেজি গাঁজাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত বাবন বল। তবে পুলিশের জালে ধরা পড়েছে তার বোন চিনু বল। মাটির নিচে লুকানো অবৈধ সম্পদের সাম্রাজ্য ও এই কারবারের পর্দাফাঁস হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পলাতক অভিযুক্ত বাবন বলের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *